দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ২০২৭ সালের ২৮ মে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ম্যাচটি চলবে ১ জুন পর্যন্ত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের আন্তর্জাতিক ক্রিকেট সূচি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
সূচি প্রকাশের পর ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড বলেন, “বাংলাদেশ পুরুষ দলকে লর্ডসে একটি টেস্ট ম্যাচের জন্য এবং বাংলাদেশ নারী দলকে সাদা বলের সিরিজে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ২০১০ সালের পর নিজেদের মাটিতে প্রথমবারের মতো টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড।”
উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। এরপর এবারই প্রথম ইংল্যান্ডের ঘরের মাঠে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে টাইগাররা। ঐতিহাসিক লর্ডসে এই ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটের জন্য বিশেষ এক মুহূর্ত হয়ে থাকবে।