২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। এই পরাজয়ের পর ক্ষুব্ধ আর্জেন্টিনা সমর্থকদের একাংশ ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি তুলেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হওয়ার পর ‘চেঞ্জ ডট অর্গ’ নামের অনলাইন পিটিশন প্ল্যাটফর্মে একটি আবেদন চালু করেন ফুটবল সমর্থক গিজেলা সানচেজ। ফিফার কাছে করা ওই আবেদনে ম্যাচের দায়িত্বে থাকা স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের কয়েকটি সিদ্ধান্ত এবং ভিএআর ব্যবহারের বিষয়টি পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়েছে। এরই মধ্যে পিটিশনটিতে প্রায় ৬২ হাজার মানুষ স্বাক্ষর করেছেন।
গত রোববার (১৯ জুলাই) রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সমর্থকরা। তাদের অভিযোগ, বিতর্কিত কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে।
তবে অনলাইন পিটিশনের কোনো আনুষ্ঠানিক বা আইনগত ক্ষমতা নেই। ফুটবলের নিয়ম অনুযায়ী, বিশেষ পরিস্থিতি ছাড়া কোনো অফিসিয়াল ম্যাচের ফল বাতিল করে পুনরায় আয়োজনের সুযোগ নেই।
এর আগে বিশ্বকাপ চলাকালে ফ্রান্সেও একই ধরনের একটি পিটিশন চালু হয়েছিল। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে বিতর্কিত ঘটনার অভিযোগ তুলে ম্যাচ পুনরায় আয়োজনের দাবি জানানো হলেও সেটিও কোনো পরিবর্তন আনতে পারেনি।
উল্লেখ্য, আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতেছে স্পেন।