শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

বিশ্বকাপের আসল ট্রফি কি পায় চ্যাম্পিয়ন দল?

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৬ Time View

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল আজ অনুষ্ঠিত হচ্ছে। ৪৮ দলের এই মহাযজ্ঞের শেষ লড়াইয়ে শিরোপার জন্য মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে নির্ধারিত হবে কে উঁচিয়ে ধরবে সোনালি ট্রফি।

বিশ্বকাপের ট্রফি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। অনেকের মনেই প্রশ্ন—বিশ্বকাপজয়ী দল কি আসল ট্রফি পায়, নাকি দেওয়া হয় রেপ্লিকা?

উত্তর হলো, চ্যাম্পিয়ন দল আসল ট্রফি হাতে নিয়ে উদযাপনের সুযোগ পেলেও সেটি স্থায়ীভাবে তাদের কাছে থাকে না। ফাইনালের পর মাঠে পুরস্কার বিতরণী ও আনুষ্ঠানিক উদযাপনের জন্য কিছু সময়ের জন্য আসল ট্রফি দেওয়া হয়। এরপর নিরাপত্তার কারণে ট্রফিটি আবার ফিরিয়ে নেওয়া হয় সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার সদর দপ্তরে।

এর পরিবর্তে বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হয় একটি বিশেষ রেপ্লিকা ট্রফি। এটি দেখতে আসল ট্রফির মতোই, তবে এটি তৈরি করা হয় সোনা-জড়ানো ব্রোঞ্জ অ্যালয় দিয়ে। এই ট্রফিতে চ্যাম্পিয়ন দেশের নাম খোদাই করা থাকে।

আসল ফিফা বিশ্বকাপ ট্রফিতে সব বিশ্বকাপজয়ী দেশের নাম খোদাই করা রয়েছে। এটি সারা বছর সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ফুটবল জাদুঘরে সংরক্ষিত থাকে। তবে বিশ্বকাপের সময় বিভিন্ন প্রচারণামূলক ট্যুর ও আনুষ্ঠানিক প্রদর্শনীতে এটি ব্যবহার করা হয়।

জুল রিমে ট্রফির ইতিহাস

বর্তমান ট্রফির আগে বিশ্বকাপের পুরস্কার ছিল ‘জুল রিমে ট্রফি’। ফরাসি ভাস্কর আবেল লাফ্লুর এই ট্রফির নকশা করেছিলেন। এতে প্রাচীন গ্রিক বিজয়ের দেবী ‘নাইকি’র অবয়ব ফুটিয়ে তোলা হয়েছিল।

জুল রিমে ট্রফিটি ছিল ৩৫ সেন্টিমিটার (১৩.৮ ইঞ্চি) লম্বা এবং এর ওজন ছিল ৩.৮ কেজি (৮.৪ পাউন্ড)। এটি তৈরি করা হয়েছিল সোনা-জড়ানো রুপা দিয়ে।

তৎকালীন নিয়ম অনুযায়ী, কোনো দেশ তিনবার বিশ্বকাপ জিতলে ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের কাছে রাখতে পারত। সেই নিয়মে ১৯৭০ সালে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের পর ব্রাজিল জুল রিমে ট্রফিটি স্থায়ীভাবে পেয়ে যায়। পরে এটি ব্রাজিলের একটি জাদুঘরে রাখা হয়।

তবে এই ট্রফির ইতিহাসে রয়েছে চুরির ঘটনাও। ১৯৬৬ সালে ইংল্যান্ডে জনসাধারণের প্রদর্শনীর সময় প্রথমবার এটি চুরি হয়। পরে দক্ষিণ লন্ডনের একটি ঝোপের নিচ থেকে উদ্ধার করা হয় ট্রফিটি।

এরপর ১৯৮৩ সালে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর থেকে দ্বিতীয়বার চুরি হয় জুল রিমে ট্রফি। এরপর আর এটি উদ্ধার করা যায়নি। ধারণা করা হয়, চোরেরা ট্রফিটি গলিয়ে ফেলেছিল।

জুল রিমে ট্রফির সময়ে বিশ্বকাপ জেতা দলগুলো হলো—উরুগুয়ে (১৯৩০, ১৯৫০), ইতালি (১৯৩৪, ১৯৩৮), জার্মানি (১৯৫৪), ব্রাজিল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০) এবং ইংল্যান্ড (১৯৬৬)।

বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফি

১৯৭৪ সালের বিশ্বকাপ থেকে বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফি দেওয়া হচ্ছে। ইতালির প্রতিষ্ঠান ‘জিডিই বার্টোনি’ এই ট্রফি তৈরি করে।

১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই ট্রফিতে দুই বিজয়ী মানুষের অবয়ব দেখানো হয়েছে, যারা নিজেদের হাতে পৃথিবীকে তুলে ধরেছেন। ট্রফিটির উচ্চতা ৩৬.৮ সেন্টিমিটার (১৪.৫ ইঞ্চি) এবং ওজন ৬.২ কেজি (১৩.৭ পাউন্ড)।

১৯৭৪ সালের পর থেকে বর্তমান ট্রফি জিতেছে যেসব দেশ:

জার্মানি: ১৯৭৪, ১৯৯০, ২০১৪
আর্জেন্টিনা: ১৯৭৮, ১৯৮৬, ২০২২
ইতালি: ১৯৮২, ২০০৬
ব্রাজিল: ১৯৯৪, ২০০২
ফ্রান্স: ১৯৯৮, ২০১৮
স্পেন: ২০১০

বিশ্বকাপের ট্রফি তাই শুধু একটি পুরস্কার নয়, এটি ফুটবল ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের প্রতীক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com