ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আলবিসেলেস্তে শিবিরের প্রতি সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সম্প্রতি ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে এক বৈঠকে আর্জেন্টিনা দলের প্রতি নিজের সমর্থনের কথা জানান তিনি।
সাক্ষাৎকালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পাঠানো একটি শুভেচ্ছা বার্তাও নেতানিয়াহুর কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত। বার্তায় মিলেই নেতানিয়াহুকে বন্ধু উল্লেখ করে আর্জেন্টিনার প্রতি তার সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।
জবাবে নেতানিয়াহু বলেন, “হাভিয়ের, তুমি একজন সত্যিকারের বন্ধু। আমরা তোমার পাশে আছি, আমরা তোমাদের সমর্থন করি এবং আগামীকালও করব। শুভকামনা।”
পরে আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের বিষয়টি আরও স্পষ্ট করে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের অধিকাংশ মানুষই বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পক্ষেই থাকবে বলে তিনি মনে করেন। তিনি আর্জেন্টিনা দলকে শুভকামনা জানিয়ে বলেন, “ভামোস আর্জেন্টিনা।”