আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবং লুইস দে লা ফুয়েন্তের স্পেন। দুই ফুটবল পরাশক্তির এই লড়াই ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা।
ফাইনালের অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে দুই প্রজন্মের দুই তারকার লড়াই। একদিকে ৩৯ বছর বয়সী কিংবদন্তি লিওনেল মেসি, অন্যদিকে ১৯ বছর বয়সী স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামাল। অভিজ্ঞতা বনাম তারুণ্যের এই দ্বৈরথ বিশ্বকাপের মঞ্চকে আরও রোমাঞ্চকর করে তুলেছে।
স্পেনের বিশ্বকাপ ইতিহাসে ২০১০ সালের সাফল্য আজও স্মরণীয়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই আসরে ভিসেন্তে দেল বস্কের ‘টিকি-টাকা’ কৌশলে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ‘লা রোজা’। জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, জাবি আলোনসো ও সার্জিও বুসকেটসের নিয়ন্ত্রিত মাঝমাঠ প্রতিপক্ষকে বলের দখলই নিতে দিত না।
১৬ বছর পর স্পেন আবারও বিশ্বজয়ের স্বপ্ন দেখছে নতুন প্রজন্মকে নিয়ে। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে দলটি খেলছে আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল। লামিন ইয়ামাল, দানি ওলমো, রদ্রি, পেদ্রি, গাভি, মিকেল মেরিনো ও ফেরান তোরেসের মতো তারকা ফুটবলারদের সমন্বয়ে গড়া এই দলটি পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ ছন্দে রয়েছে।
অন্যদিকে, শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল অভিজ্ঞতা, কৌশল এবং বড় ম্যাচের মানসিক দৃঢ়তাকে পুঁজি করে আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেরা ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে মরিয়া।
এখন প্রশ্ন একটাই—স্পেন কি তাদের গতি, বলের নিয়ন্ত্রণ ও তারুণ্যের শক্তি দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারাতে পারবে, নাকি শেষ হাসি হাসবে মেসির আর্জেন্টিনা?
সব প্রশ্নের উত্তর মিলবে রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাতে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বিশ্ব ফুটবলের কোটি কোটি সমর্থকের চোখ থাকবে এই মহারণের দিকে।