২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। একদিকে আছেন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের তরুণ প্রতিভা লামিন ইয়ামাল। দুই প্রজন্মের দুই তারকাকে ঘিরে এখন বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ।
আগামী রোববার (১৯ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দুই দল। ফাইনাল উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে উপস্থিত ছিলেন মেসি।
সেখানে ইয়ামালকে নিয়ে প্রশ্ন করা হলে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, “ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আমি তাকে অনেক দিন ধরেই অনুসরণ করছি। কারণ সে এমন একটি ক্লাবে খেলে, যেটিকে আমি ভালোবাসি—বার্সেলোনা।”
মেসি আরও বলেন, “মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা হয়ে উঠেছে। সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে। ইতিহাস গড়ার দারুণ সুযোগ রয়েছে তার। তবে আমরা চেষ্টা করব, যেন সেটা এবার না হয়।”
তরুণ ইয়ামালের প্রতি নিজের শ্রদ্ধা জানালেও ফাইনালে তাকে কোনো ছাড় দিতে নারাজ আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। তিনি বলেন, “আমি চাই তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তবে ফাইনালে আমরা চেষ্টা করব, যেন সে নিজের সেরাটা দিতে না পারে।”
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রবিবার রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।