২০১৮ সালের বিশ্বকাপের পর আর্জেন্টিনা যখন চরম হতাশার মধ্য দিয়ে যাচ্ছিল, তখনই দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন লিওনেল স্কালোনি। তার অধীনেই ২০২২ সালে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে আলবিসেলেস্তেরা।
মাত্র আট বছরের ব্যবধানে আধুনিক ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ৪৮ বছর বয়সী এই কোচ। তার অধীনে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত টানা দুই আসরে শিরোপা জয়ের কীর্তি রয়েছে কেবল ইতালি ও ব্রাজিলের। ইতালি ১৯৩৪ ও ১৯৩৮ সালে এবং ব্রাজিল ১৯৫৮ ও ১৯৬২ সালে পরপর দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।
তবে কোচ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের নজির রয়েছে শুধু ইতালির ভিত্তোরিও পোজ্জোর। ১৯৩৪ ও ১৯৩৮ সালে তার অধীনেই বিশ্বকাপ জিতেছিল ইতালি। এবার সেই বিরল কীর্তির সামনে দাঁড়িয়ে আছেন স্কালোনি।
বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত অনুষ্ঠিত ২২ আসরে শিরোপা জিতেছেন ২১ জন কোচ। তাদের প্রত্যেকেই নিজ নিজ দেশের কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে, কারণ ফাইনালে মুখোমুখি হওয়া দুই দলের কোচই নিজ দেশের নাগরিক—আর্জেন্টিনার লিওনেল স্কালোনি এবং স্পেনের লুইস দে লা ফুয়েন্তে।
আগামীকাল রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আর মাত্র একটি জয় পেলেই স্কালোনি জায়গা করে নেবেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কোচদের তালিকায়। আর্জেন্টিনার এই মাস্টারমাইন্ড কোচের সামনে এখন নতুন ইতিহাস লেখার সুযোগ।