চলতি ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে না পারলেও টুর্নামেন্টের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে স্বাগতিক মেক্সিকো। ফিফার প্রকাশিত তালিকায় নবম স্থানে জায়গা করে নিয়েছে তারা।
শীর্ষ ১০ দলের এই তালিকায় মেক্সিকো পেছনে ফেলেছে ব্রাজিল, নেদারল্যান্ডস ও জার্মানির মতো ফুটবল পরাশক্তিদের। শেষ ষোলোর ম্যাচ পর্ব শেষে ফিফা পয়েন্ট, গোল ব্যবধান ও গোলসংখ্যার ভিত্তিতে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ দলগুলোর চূড়ান্ত র্যাংকিং প্রকাশ করে।
গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিন ম্যাচেই জয় পায় মেক্সিকো এবং পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে। এরপর শেষ বত্রিশের ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করে। পুরো আসরে মাত্র তিনটি গোল হজম এবং প্লাস সাত গোল ব্যবধান থাকায় নবম স্থান নিশ্চিত করে দলটি।
এই তালিকায় মেক্সিকোর পরের অবস্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। এছাড়া তালিকায় রয়েছে নেদারল্যান্ডস ও জার্মানির মতো ইউরোপীয় ফুটবল শক্তিগুলোও।