ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই অপ্রত্যাশিত পরাজয়ের পর দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
নরওয়ের বিপক্ষে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন নেইমার। তার চোখের পানি ও হতাশা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জল্পনা ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ব্রাজিলিয়ান এই তারকা।
বর্তমানে নেইমারের সামনে কয়েকটি সম্ভাব্য পথ রয়েছে। একটি হলো, ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে থাকা বর্তমান চুক্তি পূরণ করা। দ্বিতীয়ত, অপেক্ষাকৃত কম চাপের কোনো ক্লাবে যোগ দেওয়া। আর তৃতীয় বিকল্প হিসেবে পেশাদার ফুটবল থেকেই অবসর নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি কোন সিদ্ধান্ত নেবেন, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে গুঞ্জনের মধ্যেই নেইমারের বাবা নেইমার সিনিয়র সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ছেলেকে ফুটবলের আনন্দ আবার খুঁজে পেতে এবং খেলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একইভাবে নেইমারের শৈশবের বন্ধু ক্রিস গুয়েদেসও তাকে উদ্দেশ্য করে একটি আবেগময় বার্তা প্রকাশ করেছেন।
জানা গেছে, বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সময় কাটাচ্ছেন নেইমার। সেখানেই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি থাকায় আপাতত ক্লাবটিতে ফেরার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নেইমারের ঘনিষ্ঠদের দাবি, গত দেড় দশকেরও বেশি সময় ধরে ব্রাজিলের হয়ে সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার পরও দেশটির গণমাধ্যমের কাছ থেকে প্রাপ্য সম্মান পাননি বলে মনে করেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড।