ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ্য করে এক প্যারাগুয়েন সিনেটরের বর্ণবাদী ও আপত্তিকর মন্তব্য বিশ্ব ফুটবলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পেকে লক্ষ্য করে ওই সিনেটর একাধিক বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করেন। তার এসব বক্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়।
ঘটনার জবাবে এমবাপ্পে ওই সিনেটরকে ‘নিকৃষ্ট মানুষ’ বলে আখ্যা দেন। একই সঙ্গে ফরাসি ফুটবল ফেডারেশন সংশ্লিষ্ট রাজনীতিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার ঘোষণা দিয়েছে।
এদিকে প্যারাগুয়ের জাতীয় কংগ্রেসের সভাপতিও ওই বর্ণবাদী মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, “বর্ণবাদ, বিদেশবিদ্বেষ কিংবা সহিংসতায় উসকানি দেয়—এমন কোনো বক্তব্যই প্যারাগুয়ের প্রকৃত মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। রাজনীতি ও খেলাধুলাকে আলাদা রাখা উচিত।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফ্রান্সের সহকারী কোচ গি স্তেফানও। তিনি বর্ণবাদ ও বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।