চলমান বিশ্বকাপকে নিজের ক্যারিয়ারের শেষ আসর হিসেবে আগে থেকেই ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলসহ ছয়টি বিশ্বকাপে গোলের অনন্য কীর্তি গড়া এই তারকার হাতে এখনো অপূর্ণ এক স্বপ্ন—বিশ্বকাপ শিরোপা।
রাউন্ড অব বত্রিশের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ভোরে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে জয়ী দলই টিকে থাকবে শিরোপা দৌড়ে, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।
ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি লেখেন, “মেক আস ফিল অ্যাট হোম”—যার মাধ্যমে মাঠে এসে দলকে ঘরের মতো পরিবেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালকে শিরোপার অন্যতম দাবিদার ধরা হলেও গ্রুপ পর্বে দলটি প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। রোনালদোর ব্যক্তিগত ফর্মও খুব একটা ধারাবাহিক নয় বলে মত সমালোচকদের।
তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে কঠিন এই লড়াইয়ে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের ওপরই ভরসা করছে পর্তুগাল শিবির। একই সঙ্গে দলের সাফল্যের জন্য সমর্থকদের উপস্থিতিকেও গুরুত্বপূর্ণ মনে করছেন রোনালদো।