ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও কিংবদন্তি তারকা ডিয়েগো ম্যারাডোনা মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার স্পষ্টভাষী ও বিতর্কিত মন্তব্যের জন্যও ছিলেন আলোচনায়। তার বিভিন্ন সময়ে দেওয়া কিছু মন্তব্য সময়ের ব্যবধানে বাস্তবতার সঙ্গে মিলে যাওয়ায় সেগুলো আবারও নতুন করে আলোচনায় এসেছে।
২০১৮ সালের এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেছিলেন, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন হলে বাণিজ্যিক স্বার্থই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এবং একসময় ম্যাচকে চার ভাগে ভাগ করার মতো ধারণাও সামনে আসতে পারে। বর্তমান বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক চলাকালে বিজ্ঞাপন প্রচারের বিষয়টি সেই মন্তব্যকেই নতুন করে সামনে এনেছে।
এর আগে, ১৯৯৪ সালের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ম্যাচ ২৫ মিনিট করে চার ভাগে ভাগ করার একটি প্রস্তাব উঠেছিল। সেই প্রসঙ্গে ম্যারাডোনা তখন মন্তব্য করেছিলেন, ফুটবলকে বিজ্ঞাপনের স্বার্থে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে।
বর্তমানে চার ভাগে ভাগ না হলেও হাইড্রেশন ব্রেকের সময় বিজ্ঞাপন প্রচারের ঘটনাকে অনেকেই সেই পুরোনো বিতর্কেরই ধারাবাহিকতা হিসেবে দেখছেন।
এছাড়া ২০২৬ বিশ্বকাপ আয়োজক নিয়েও ম্যারাডোনার পুরোনো মন্তব্য আবার আলোচনায় এসেছে। তিনি একসময় বলেছিলেন, মেক্সিকো টুর্নামেন্ট আয়োজনের জন্য যথাযথ নয় এবং বড় দলগুলোর বিপক্ষে তারা প্রায়ই ছিটকে যায়।
যুক্তরাষ্ট্র ও কানাডা প্রসঙ্গে ম্যারাডোনা মন্তব্য করেছিলেন, ওই দেশগুলোতে ফুটবলের প্রতি প্রকৃত আবেগের ঘাটতি রয়েছে এবং কানাডিয়ানরা বরং অন্য খেলায় বেশি উপযুক্ত।