২০২৬ বিশ্বকাপে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে নকআউট পর্বের আগে দুঃসংবাদ পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকেতা ঊরুর পেছনের পেশিতে চোট পেয়েছেন।
মঙ্গলবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানায়, পরীক্ষা-নিরীক্ষার পর পাকেতার বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে। দ্রুত সুস্থ করে তুলতে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে চোটের মাত্রা বা মাঠে ফিরতে কতদিন লাগবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, ফ্ল্যামেঙ্গোর এই মিডফিল্ডারকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
জাপানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষেই অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী পাকেতা। দ্বিতীয়ার্ধে তাকে আর খেলাননি কোচ কার্লো আনচেলত্তি। তার পরিবর্তে মাঠে নামানো হয় এন্দ্রিককে।
সংবাদমাধ্যমটির দাবি, আগামী রোববার নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পাকেতার খেলা প্রায় নিশ্চিতভাবেই হচ্ছে না। যদিও তার চোট থেকে সেরে ওঠার সম্ভাব্য সময় নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সিবিএফ।