রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ব্রাজিলের জয়ের পেছনে ধৈর্য ও কৌশলের প্রশংসা আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৯ Time View

জাপানের বিপক্ষে ২-১ গোলের কঠিন লড়াইয়ে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ার পেছনে ধৈর্য, সঠিক কৌশল এবং দ্বিতীয়ার্ধের পরিবর্তিত পরিকল্পনাকেই মূল কারণ হিসেবে দেখছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, প্রথমার্ধে জাপানের সুসংগঠিত রক্ষণভাগের কারণে মাঝমাঠ দিয়ে আক্রমণ গড়ে তুলতে পারেনি তার দল। উইং ব্যবহার করেও সুযোগ তৈরির চেষ্টা করা হলেও জাপানের কড়া মার্কিংয়ের কারণে তাতেও সফলতা আসেনি।

বিরতির পর কৌশলে পরিবর্তন আনে ব্রাজিল। ডি-বক্সে আরও বেশি ক্রস পাঠানোর নির্দেশ দেন আনচেলত্তি। এরই ফল হিসেবে কাসেমিরো সমতাসূচক গোল করেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আনচেলত্তি জানান, বদলি হিসেবে এনদ্রিককে নামানোর পর ব্রাজিলের আক্রমণের গতি বেড়ে যায়। পরে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে মাঠে নামানো হলে তার গতিময় দৌড় ও কার্যকর মুভমেন্ট জাপানের রক্ষণে ফাঁকা জায়গা তৈরি করে। সেই সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোল আদায় করে নেয় ভিনিসিয়ুস জুনিয়ররা।

সমতায় ফেরার পরও ব্রাজিল জয়সূচক গোলের খোঁজে আক্রমণ অব্যাহত রাখে। এ বিষয়ে আনচেলত্তি বলেন, “দ্বিতীয় গোলটি পেয়ে আমরা স্বস্তি পেয়েছি। তবে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও আমরা প্রস্তুত ছিলাম।”

প্রতিপক্ষ জাপানের প্রশংসা করে ব্রাজিল কোচ বলেন, “ওরা খুবই সুসংগঠিত দল। শারীরিকভাবেও শক্তিশালী এবং আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ ছিল।”

আনচেলত্তির বিশ্বাস, কঠিন পরিস্থিতি সামলে ঘুরে দাঁড়ানোর মানসিকতাই ব্রাজিলকে এই জয় এনে দিয়েছে। তার ভাষায়, “ভুল হবেই। কিন্তু সেই ভুল থেকে ঘুরে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সঠিক পথেই আছি, তবে সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com