দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপে ফিরে দারুণ পারফরম্যান্সে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। কঠিন এই লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী লাতিন আমেরিকার দলটি।
সোমবার (২৯ জুন) দিবাগত রাত আড়াইটায় বোস্টনে শেষ ৩২-এর ম্যাচে জুলিয়ান নাগলসম্যানের জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্যারাগুয়ের প্রধান কোচ গুস্তাভো আলফারো বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয়ের অভিজ্ঞতাই জার্মানির বিপক্ষে তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।
তিনি বলেন, “আমরা আর্জেন্টিনা ও ব্রাজিলের বিপক্ষে খেলেছি। তারা জার্মানির মতোই শক্তিশালী। তবুও আমরা তাদের হারিয়েছি। সেই অভিজ্ঞতাই আমাদের বিশ্বাস জোগাচ্ছে।”
২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে প্যারাগুয়ে। সেই আসরে তারা কোয়ার্টার ফাইনালে উঠে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন স্পেনের কাছে অল্প ব্যবধানে হেরে বিদায় নিয়েছিল।
এবারের বিশ্বকাপে শুরুটা ভালো না হলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হারলেও পরের ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারায়। এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে তারা।
তবে জার্মানির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে হচ্ছে প্যারাগুয়েকে। দুই হলুদ কার্ডের কারণে মিডফিল্ডার ডিয়েগো গোমেজ নিষিদ্ধ। চোটের কারণে সেন্ট্রাল ডিফেন্ডার ওমর আলদেরেতের খেলাও অনিশ্চিত। তবে এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষে দলে ফিরছেন তারকা ফরোয়ার্ড মিগুয়েল আলমিরন, যা দলের জন্য বড় স্বস্তির খবর।
জার্মানির মতো শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি নিয়েই মাঠে নামতে যাচ্ছে আত্মবিশ্বাসী প্যারাগুয়ে।