ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের সহায়তায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও জানায়, গত বুধবার দেশটিতে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ২৩৮ জন এবং বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজার ১৪২টি পরিবার। ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও জরুরি মানবিক সহায়তা কার্যক্রমে সহায়তা করতেই এই অনুদান দিয়েছেন নেইমার।
প্রতিবেদনে বলা হয়, নেইমারের দেওয়া অর্থ জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুদান প্রসঙ্গে নেইমার বলেন, “ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আশা করি, আমার এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই কঠিন সময়ে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে।”
এদিকে দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা। সম্প্রতি স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি এখন আগের তুলনায় অনেক বেশি সময় মাঠে খেলতে প্রস্তুত।
সোমবার (২৯ জুন) বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে ব্রাজিলের হয়ে নেইমারকে দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।