চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর বাংলাদেশি সমর্থকদের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
রোববার (২৮ জুন) ডালাস স্টেডিয়ামে ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্তিনেজ বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। আমি সেখানে গিয়েছি, দেশটিকে খুব ভালো লেগেছে।”
তিনি আরও বলেন, “আমি জানি তারা আমাদের কতটা ভালোবাসে। বাংলাদেশ সফরে গিয়ে তাদের উচ্ছ্বাস খুব কাছ থেকে দেখেছি। আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা আমাকে সবসময় মুগ্ধ করে। বাংলাদেশের প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে।”
এদিন জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল আর্জেন্টিনা।