বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়ে বিশ্বখ্যাত তারকাদের পাশে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। চলমান বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন তিনি।
স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে মাইলফলক স্পর্শ করেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোল করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দেন তিনি। এর আগে মরক্কো ও হাইতির বিপক্ষেও গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে গোল করেছিলেন ভিনিসিউস।
বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে গোল করার নজির ছিল মাত্র চারজনের। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো ও রিভালদো জুটি এই কীর্তি গড়েছিলেন। পঞ্চম খেলোয়াড় হিসেবে সেই তালিকায় নাম লেখালেন ভিনিসিউস জুনিয়র।
তবে ইতিহাস আরও আশাব্যঞ্জক ইঙ্গিত দিচ্ছে। আগের তিনবারই ব্রাজিলের এই অর্জনের আসরগুলোতে দলটি বিশ্বকাপ শিরোপা জিতেছিল। ফলে ভিনিসিউসের এই কীর্তিকে ঘিরে নতুন করে জেগেছে ব্রাজিলের হেক্সা শিরোপার স্বপ্ন।