চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে নকআউট পর্বে ওঠার পথ কঠিন করে ফেলেছে ইরান। ম্যাচ শেষে দলের প্রধান কোচ আমির গালেনোয়ি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
ম্যাচ শেষে দলটি সিয়াটল ছেড়ে মেক্সিকোর টিজুয়ানায় নিজেদের ক্যাম্পে ফেরার কথা রয়েছে। তবে টুর্নামেন্ট চলাকালে তাদের ক্যাম্প থাকার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসন শহরে। সেই পরিকল্পনা পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রের ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কোচ।
সংবাদ সম্মেলনে গালেনোয়ি বলেন, আয়োজক দেশের আচরণ একপেশে ছিল। যদি তাদের দুই সপ্তাহ আগে এসে প্রস্তুতির সুযোগ দেওয়া হতো, তাহলে দল শারীরিক ও মানসিকভাবে আরও ভালো অবস্থায় থাকতে পারত বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া ম্যাচের শেষ দিকে শোজা খলিলজাদেহের একটি গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইডের কারণে বাতিল হলে বড় সুযোগ হাতছাড়া করে ইরান।
এ ঘটনায় হতাশা প্রকাশ করে কোচ বলেন, তিন ম্যাচে একাধিক সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। একই সঙ্গে তিনি ফিফার প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে যেন আয়োজক দেশের কারণে কোনো দল বা খেলোয়াড়ের প্রতি অন্যায় আচরণ না হয়।
তিনি আরও বলেন, দলের লক্ষ্য ছিল ভালো অনুশীলন ও মানসম্মত ফুটবল খেলা। সুযোগ পেলে খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে মানসিকভাবে সতেজ করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিকে গত কয়েক মাস ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কও বর্তমানে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।