সম্প্রতি টি স্পোর্টসের ‘অফসাইড টক’ অনুষ্ঠানে সদ্যপ্রয়াত বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব্যসাচী ও হকির কিংবদন্তি আবদুস সাদিককে স্মরণ করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার, হকি খেলোয়াড় ও কোচ প্রতাপ শঙ্কর।
অনুষ্ঠানে প্রতাপ শঙ্কর বলেন, “সাদিকের মৃত্যু শুধু বাংলাদেশের নয়, পুরো বাঙালি ক্রীড়াঙ্গনের জন্যই এক অপূরণীয় ক্ষতি। এতে কোনো সন্দেহ নেই, এটি একটি নক্ষত্রের পতন। পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ—সব মিলিয়ে যে সম্মান সাদিক পেয়েছেন, তা আর কোনো বাঙালি হকি খেলোয়াড় পাননি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার অবদান ছিল অসাধারণ।”
সাদিকের নেতৃত্বগুণের প্রশংসা করে তিনি বলেন, “সাদিক আমার চার বছরের জুনিয়র ছিল। কিন্তু মাঠে নামলে তাকে দেখে কখনো জুনিয়র মনে হতো না। তার নেতৃত্ব, ব্যক্তিত্ব ও খেলার ধরন ছিল একজন সিনিয়র খেলোয়াড়ের মতো।”
ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে প্রতাপ শঙ্কর জানান, সাদিকের সঙ্গে তার পারিবারিক সম্পর্কও ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি বলেন, “সাদিক আমাদের বাড়িতে এলে লুচি, লাবড়া আর বুটের ডাল খেতে খুব পছন্দ করত।” পাশাপাশি ষাটের দশকের শুরুতে কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবের হয়ে একসঙ্গে খেলার স্মৃতিও তুলে ধরেন তিনি।
সাদিকের মৃত্যুর দিনটির কথা স্মরণ করে প্রতাপ শঙ্কর বলেন, “সারাদিন তার খেলার দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে উঠছিল।” তিনি আরও জানান, ক্যারিয়ারে ভারত ও পাকিস্তানের অনেক কিংবদন্তি খেলোয়াড়ের সঙ্গে খেলার সুযোগ হয়েছে তার। তাদের মধ্যে পাকিস্তানের আনোয়ার আহমেদ খান এবং ভারতের অজিত পাল সিংকে বিশ্বের সেরা সেন্টার-হাফদের অন্যতম মনে করেন তিনি। একইসঙ্গে তার মূল্যায়ন, আবদুস সাদিকও ছিলেন সেই মানের একজন খেলোয়াড়।
আলাপের শেষদিকে আক্ষেপের সুরে প্রতাপ শঙ্কর বলেন, “সাদিক বাঙালি ছিলেন বলেই হয়তো পাকিস্তান জাতীয় দলের মূল একাদশে সবসময় সুযোগ পেতেন না। যখন তাকে বাদ দেওয়ার সুযোগ থাকত না, তখনই দলে রাখা হতো। বিষয়টি আজও আমাকে কষ্ট দেয়।”