স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। দলের এই দারুণ সাফল্যের মাঝেই নেইমারের প্রত্যাবর্তন যেন সমর্থকদের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
এই ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপ মঞ্চে নিজের চতুর্থ আসর শুরু করলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নেইমার।
তিনি বলেন, “ম্যাচের পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তারা আনন্দ করছিল, কেউ কেউ আবেগে কাঁদছিলও। মুহূর্তটি ছিল সত্যিই বিশেষ। অনেক দিন পর মাঠে ফিরে আমি নিজেও আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি।”
জাতীয় দলে ফেরার অনুভূতি প্রকাশ করে নেইমার বলেন, “আমার লক্ষ্য ছিল আবার বিশ্বকাপে খেলা, জাতীয় দলে ফেরা এবং ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামা। আমি এখানে থাকতে ভালোবাসি। ব্রাজিলের জার্সি পরা আমার জন্য সবসময়ই গর্বের।”
এদিকে নেইমারের প্রত্যাবর্তনে সন্তুষ্ট জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিও। ম্যাচ শেষে তিনি বলেন, “নেইমার মাঠে নামার সুযোগ পাওয়ার যোগ্য ছিল। চোট থেকে ফিরে আসতে সে অসাধারণ পেশাদারিত্ব দেখিয়েছে। এই বিশ্বকাপে সে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। অল্প সময় খেললেও সে ভালো পারফরম্যান্স দেখিয়েছে।”
দীর্ঘদিন পর নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিল শিবিরে নতুন আত্মবিশ্বাস যোগ করেছে। বিশ্বকাপের নকআউট পর্বের আগে তার ফিট হয়ে ওঠা সেলেসাওদের জন্য বড় স্বস্তির খবর বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।