ইংল্যান্ড ও ঘানার মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছে। পুরো ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি ইংল্যান্ডের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার হ্যারি কেন। ম্যাচের ফলাফল এবং কেনের ব্যর্থতা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে আফ্রিকান ঐতিহ্যবাহী কালো জাদু বা ‘জুজু’ চর্চা।
সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঘানার পরিচিত তান্ত্রিক ওঝা নানা কিয়াঙ্কু বোন্সাম দাবি করেছিলেন যে তিনি হ্যারি কেনের ওপর এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার ফলে এই ম্যাচে কেন কোনোভাবেই গোল করতে পারবেন না।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও রিলসে দেখা যায়, গ্যালারিতে উপস্থিত কিছু ঘানা সমর্থক ম্যাচ চলাকালে সাদা রঙের এক ধরনের পাউডার ছিটিয়ে নিজেদের দলের সাফল্য কামনা করছেন। বিষয়টি অনেকের কাছে যেমন বিস্ময়ের, তেমনি হাস্যরসেরও জন্ম দিয়েছে।
ম্যাচে ইংল্যান্ড একাধিক আক্রমণ গড়ে তুললেও ঘানার সুসংগঠিত রক্ষণভাগ তা সফলভাবে প্রতিহত করে। ম্যাচের শেষ দিকে নিকো ও’রেইলির নেওয়া একটি সম্ভাবনাময় শট পোস্টে লেগে ফিরে আসে, ফলে গোলের সুযোগ হাতছাড়া হয় ইংলিশদের।
সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে ম্যাচের একেবারে শেষদিকে। যোগ করা সময়ের শেষ মুহূর্তে হ্যারি কেন গোলপোস্টের সামনে একটি সহজ সুযোগ পেলেও তাঁর শটটি গোলবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। কেনের মতো অভিজ্ঞ স্ট্রাইকারের এমন মিস দর্শকদের বিস্মিত করে।
ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও নানা ধরনের রসিক পোস্ট ছড়িয়ে পড়ে। অনেক সমর্থক মজা করে মন্তব্য করেন, ঘানার ওঝার কথিত ‘জুজু’ কালো জাদু যেন সত্যিই কাজ করেছে।