উত্তর কোরিয়া সম্প্রতি এমন একটি নতুন ও উন্নত প্রযুক্তির মিসাইল ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম। কেসিএনএ জানিয়েছে, কিম জং উন নিজে উপস্থিত থেকে এই পরীক্ষা পর্যবেক্ষণ করেন।
কেসিএনএ-এর তথ্য অনুযায়ী, পরীক্ষায় কম্পোজিট কার্বন ফাইবার উপাদান ব্যবহৃত হয়েছে এবং ইঞ্জিনের সর্বোচ্চ থ্রাস্ট নিরূপণ করা হয়েছে ২,৫০০ কিলোটন। এই পরীক্ষার মাধ্যমে রকেটের ইঞ্জিন ও জ্বালানির কার্যক্ষমতা স্থির অবস্থায় যাচাই করা হয়। তবে, পরীক্ষা কখন এবং কোথায় করা হয়েছে, তা পিয়ংইয়ং স্পষ্টভাবে জানায়নি।
বার্তা সংস্থা এএফপি জানায়, উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণে কঠিন-জ্বালানিযুক্ত রকেট ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা করছে। এই ধরনের ইঞ্জিন ব্যবহারে উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় না, ফলে দ্রুত মিসাইল ছোঁড়া সম্ভব হয়।
সম্প্রতি উত্তর কোরিয়ার পার্লামেন্টে কিম জং উন বলেছেন, তিনি দেশকে একটি অপরাজয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের’ মূল অপরাধী হিসেবে অভিযুক্ত করেন।