দক্ষিণ লেবাননে সংবাদ সংগ্রহকালে ইসরায়েলের বিমান হামলায় তিন সাংবাদিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় জিজাইন হাইওয়েতে সংবাদকর্মীদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
হামলায় নিহত হয়েছেন প্যান-আরব টেলিভিশন চ্যানেল আল মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফতুনি ও তার ভাই ভিডিও সাংবাদিক মোহাম্মদ ফতুনি, এবং আল মানার টেলিভিশনের যুদ্ধসংবাদদাতা আলি শুয়াইব।
সংবাদমাধ্যম আল-মায়াদিন জানিয়েছে, গাড়িটিতে ধারাবাহিকভাবে চারটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আহতদের উদ্ধারে পৌঁছানো অ্যাম্বুলেন্সকেও লক্ষ্য করে আরেক দফায় হামলা চালানো হয়, যার ফলে একজন স্বাস্থ্যকর্মী ঘটনাস্থলেই মারা যান।
আল মানার টিভি জানিয়েছে, দক্ষিণ লেবাননে দীর্ঘ সময় ধরে পেশাদারিত্বের সঙ্গে যুদ্ধক্ষেত্রের সংবাদ পরিবেশনকারী আলি শুয়াইবকে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর গোয়েন্দা সদস্য হিসেবে অভিযুক্ত করে হামলা চালিয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিক সুরক্ষাবিষয়ক বৈশ্বিক নীতিমালার পরিপন্থী।
অপর দিকে, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি স্বীকার করেছে।