ভারতের ঝাড়খণ্ডে একটি এয়ার অ্যাম্বুল্যান্স বিপর্যস্ত হয়ে বিমানে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাচি থেকে দিল্লির উদ্দেশে টেকঅফ করার প্রায় ২৩ মিনিট পরে বিমানটির সঙ্গে রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
বিধ্বস্ত হওয়া বিমানটি পরিচালনা করছিলেন রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড, বিমানটি ছিল বিচক্রাফট সি-৯০ মডেলের।
কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে রাত ৭টা ৩৪ মিনিটে শেষবারের মত যোগাযোগ হওয়ার পর বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে পড়ে। বিমানটির ধ্বংসাবশেষ চাতরা জেলার সিমারিয়া থানার অন্তর্গত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)।
জেলা প্রশাসনের উদ্ধারকারী দল ও ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। বিমানটিতে থাকা ২ জন পাইলট সহ, একজন গুরুতর দগ্ধ রোগী, একজন চিকিৎসক, একজন প্যারামেডিক এবং দুই সহকারী নিহত হয়েছেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করবে ভারত এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)।