বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে না থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
নিজামউদ্দিন চৌধুরীর মতে, বুলবুল ভাই পারিবারিক বিষয় নিয়ে দেশের বাইরে গেছেন। আশা করছি তিনি অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে আসবেন।
বিসিবির এক সূত্র জানায়, দেশ ছাড়ার আগে বুলবুল হোয়াটসঅ্যাপে বোর্ড পরিচালকদের রমজানের শুভেচ্ছা জানিয়ে উল্লেখ করেছেন, জরুরি পারিবারিক কারণে দেশের বাইরে যাচ্ছি, দ্রুতই ফিরে আসব।
উল্লেখযোগ্য, বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর থেকে বোর্ডের ভেতরে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। পরিচালক পর্যায়ে কোন্দল, পাশাপাশি সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত থাকার কারণে ক্রিকেটাঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, বিসিবির প্রধান প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, নবনির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার পর বোর্ডের বর্তমান সমস্যাগুলো সমাধান হবে। তিনি বলেন, নতুন সরকার শপথ নিতে যাচ্ছে, আশা করি এবার সব কিছু নিয়মের মধ্যে ফিরে আসবে। ক্লাব ও বোর্ডের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা দ্রুত সমাধান করা প্রয়োজন।
নান্নু আরও জানান, ক্রিকেটের স্বার্থে কোনো আপস করা হবে না। আমাদের নীতি অনুযায়ী বাংলাদেশই সর্বপ্রথম। খেলায় কোনো ছাড় নেই এবং সব পক্ষের জন্য সুন্দর সমাধান আসা উচিত।
বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের অধীনে ঘরোয়া লিগে অনেক ক্লাব অংশ নিতে অনীহা প্রকাশ করেছিল, যা বর্তমান দ্বন্দ্বের এক বড় কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।