ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ডোমিনিকান রিপাবলিক–এর দক্ষিণ-পূর্ব উপকূলের জনপ্রিয় পর্যটন শহর বায়াহিবে একটি চার তারকা বিলাসবহুল সৈকত রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে এক ইতালীয় নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে বায়াহিবের সমুদ্রসৈকতে অবস্থিত ভিভা উইন্ডহাম ডমিনিকাস বিচ হোটেল–এ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিহত পর্যটকের নাম ফ্রান্সেসকা ভ্যালেন্টিনো (৪৬)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আগুন লাগার পর হোটেলের খড় ও পাম পাতার ছাদ দ্রুত দাউদাউ করে জ্বলে ওঠে এবং ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। আতঙ্কে শত শত পর্যটক প্রাণ বাঁচাতে সৈকতের পানিতে নেমে আশ্রয় নেন।
দেশটির জরুরি সেবা সংস্থা ডিএইএইচ জানিয়েছে, দ্রুত উদ্ধার অভিযানে প্রায় ১ হাজার ৬৯০ জন অতিথি ও কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। তবে আগুনে অনেক পর্যটকের ব্যক্তিগত জিনিসপত্র, পাসপোর্ট ও মূল্যবান মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, দাহ্য খড় ও পাম পাতার ছাদ এবং শক্তিশালী সামুদ্রিক বাতাসের কারণে আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।