দেশে হামের উপসর্গ ও সন্দেহজনক মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু না ঘটলেও সন্দেহজনক হামের কারণে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৮০৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে এবং ৮০ জনের ক্ষেত্রে নিশ্চিত হামের রোগ ধরা পড়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জনের। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।