ইরানকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তেহরানের জন্য অনুকূল হবে না বলে সতর্ক করেছেন তিনি।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার হিসেবে পাওয়া একটি বিমান প্রদর্শন অনুষ্ঠানে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, কূটনৈতিক সমাধানের ওপর তার আস্থা রয়েছে, তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।
ট্রাম্পের ভাষায়, “৬০ দিনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে হবে, না হলে এমন সিদ্ধান্ত আসবে যা তাদের ভালো লাগবে না।” একই সঙ্গে তিনি দাবি করেন, পরিস্থিতি শেষ পর্যন্ত সেই পর্যায়ে যাবে না বলেই তিনি আশা করছেন।
বর্তমানে ওয়াশিংটন ও তেহরান পারমাণবিক সমঝোতাকে স্থায়ী চুক্তিতে রূপ দিতে কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এমন সময়েই ট্রাম্পের এই সতর্কবার্তা এল।
এ সময় তিনি গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, এই পথ দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক জাহাজ চলাচল করলেও উত্তেজনা বাড়লে বৈশ্বিক তেল ও এলএনজি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
তিনি আরও বলেন, সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হলে এই প্রণালি দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত হতে পারে, কারণ বড় জাহাজের মালিকরা ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচল করতে আগ্রহী হবেন না।
বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় এর নিরাপত্তা আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।