প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দরগুলোতে যান চলাচল বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ট্রাম্প তার সহযোগীদের অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
এর প্রভাব বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববাজারে দেখা যায়, যেখানে তেলের দাম নতুন করে বাড়তে শুরু করে। ইরানের নৌপথ অবরোধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি তেলের দামে আরও বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম টানা আট দিন ধরে বাড়ছে। জুন মাসের সরবরাহের জন্য এই তেলের দাম ৫২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ১১৪ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ঊর্ধ্বমুখী রয়েছে। গত ২৪ এপ্রিল থেকে এই তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। বর্তমানে প্রতি ব্যারেল ৫৭ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বাধা এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ও মূল্যবৃদ্ধির চাপ অব্যাহত থাকতে পারে।