ইসরায়েলের রাজধানী তেল আবিব-এ হাজার হাজার মানুষ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন।
রোববার (১৯ এপ্রিল) হারেৎজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় রাতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া রাফায়েল পিনাইনা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার সমাজকে অভ্যন্তরীণভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে ইসরায়েলের সম্পর্কও নষ্ট হচ্ছে। তার দাবি, ৭ অক্টোবরের ঘটনার পর থেকে চলমান পরিস্থিতির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন, কারণ জনগণের সত্য জানার অধিকার রয়েছে।
অন্যদিকে, আরেক বিক্ষোভকারী হাইম ট্রিভ্যাক্স বলেন, লেবানন ও ইরানের সঙ্গে সংঘাত শুরু করা ইসরায়েলের জন্য ভুল সিদ্ধান্ত ছিল। তার মতে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশের স্বার্থের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থ ও আইনি জটিলতা এড়ানোর বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
সমাজকর্মী লি হফম্যান-আজিভ বলেন, তিনি মূলত বিক্ষোভে এসেছেন ৭ অক্টোবরের ঘটনার পর যুদ্ধে নিহতদের পরিবারের প্রতি সমর্থন জানাতে এবং চলমান সংঘাতের অবসান দাবি করতে।