যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবে সম্মতি দিয়েছে ইরান। তবে এই ব্যবস্থার অংশ হিসেবে প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ইরান ও ওমান।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, টোল থেকে প্রাপ্ত অর্থ দেশের যুদ্ধক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে ব্যয় করা হবে। তবে ওমান তাদের অংশের অর্থ কীভাবে ব্যবহার করবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
উল্লেখ্য, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারে এর আগে কখনো টোল আরোপ করেনি ইরান। কিন্তু সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর থেকেই এমন পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হচ্ছিল।
এদিকে সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে আগের তুলনায় মাত্র ৫ শতাংশ জাহাজ এই প্রণালি ব্যবহার করছে। যদিও এখনো ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশের পতাকাবাহী জাহাজ সীমিত আকারে চলাচল করছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, এই পথে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে সর্বোচ্চ ২০ লাখ মার্কিন ডলার পর্যন্ত টোল আদায় করা হচ্ছে।