ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড পারস্য উপসাগর ও ওমান সাগর ঘিরে কঠোর অবস্থান নিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এই অঞ্চলের বন্দরগুলো “সবার জন্য, নইলে কারো জন্য নয়” নীতিতে পরিচালিত হবে।
বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সামুদ্রিক সীমান্ত ও জাতীয় স্বার্থ রক্ষা করা তাদের দায়িত্ব। এ কারণে ইরানের জলসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, শত্রুপক্ষের সঙ্গে সম্পৃক্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। তবে অন্যান্য বাণিজ্যিক জাহাজ ইরানের নির্ধারিত নিয়ম মেনে চলতে পারবে।
আইআরআইবি আরও জানায়, যুদ্ধ শেষ হলেও ইরানের বিরুদ্ধে হুমকি পুরোপুরি দূর হয়নি। এ কারণে হরমুজ প্রণালিকে ঘিরে কঠোর ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে ইরান অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছে।
সবশেষে ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, দেশের বন্দর ও সামুদ্রিক নিরাপত্তা হুমকির মুখে পড়লে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো অংশই নিরাপদ থাকবে না।