মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। ভিডিওটিতে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে তাকে ধাক্কাধাক্কির একটি দৃশ্য দেখা যায়, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাসুদ অরুণ বলেন, ওই সময়ের পরিবেশ ছিল অত্যন্ত ভিড়পূর্ণ। সেখানে স্বাভাবিকভাবেই কিছুটা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল, কিন্তু সেটিকে আলাদা করে ভুলভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীর মতো। খাল খনন কর্মসূচির ওই অনুষ্ঠানে তারা করমর্দন ও কুশল বিনিময়ও করেছেন। তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ছড়িয়ে তাদের সম্পর্ক নিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে, যা দুঃখজনক।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে “জিয়া খাল পুনঃখনন” কাজের উদ্বোধন অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন মাসুদ অরুণ। ওই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
অন্যদিকে, মাসুদ অরুণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট পেয়েও পরাজিত হন। আসনটি থেকে ১ লাখ ২১ হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তাজউদ্দিন খান।