শিক্ষাক্ষেত্রে নকল এখন বিভিন্ন রূপে বিস্তার লাভ করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, করোনার মতোই নকলেরও নানা “ভেরিয়েন্ট” তৈরি হয়েছে, যার মধ্যে ডিজিটাল মাধ্যমও রয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সামনে রেখে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থায় একাধিকবার একই বিষয় নিয়ে পুনঃভর্তির সুযোগ থাকা উচিত নয়। তার ভাষায়, “এক মুরগিকে তিনবার জবাই করা যায় না”—অর্থাৎ একবারই রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষাজীবন এগিয়ে নেওয়া উচিত। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তরণের ক্ষেত্রে নতুন করে ভর্তি প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়েও তিনি সংশ্লিষ্টদের গুরুত্ব দিয়ে ভাবার আহ্বান জানান।
দেশ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে শিক্ষার বিকল্প নেই। এ কারণে সরকার শিক্ষাখাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং বিশেষভাবে শিক্ষকসহ সংশ্লিষ্টদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে।
পরীক্ষায় নকল প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখন নকলও নানা আধুনিক রূপ নিয়েছে, যা “ডিজিটাল নকল” হিসেবে দেখা যাচ্ছে। তবে শিক্ষার্থীদের নকলের প্রবণতা তাদের একার দুর্বলতা নয় বলে মন্তব্য করেন তিনি। বরং এটি শিক্ষকদেরও একটি দায় বলে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা কেন নকলের দিকে ঝুঁকছে, তা খুঁজে বের করে সমাধানের পথ বের করতে হবে।