আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কাবুলে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) মাগরিবের আযানের আগে আঘাত হানা এই ভূমিকম্পে একটি ঘর ধসে পড়লে প্রাণহানির ঘটনা ঘটে।
আফগানিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, এ ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯ এবং এর উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ১৭৭ কিলোমিটার গভীরে। পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র অনুযায়ী, উৎপত্তিস্থলের গভীরতা ১৯০ কিলোমিটার। কেন্দ্রস্থল ছিল কাবুলের উত্তর-পূর্বে হিন্দুকুশ পার্বত্য এলাকার দুর্গম অঞ্চল।
গতকাল রাত ৯:১৩ মিনিটে অনুভূত এই কম্পন আফগানিস্তান ছাড়াও পাকিস্তান ও ভারতের কিছু অংশে অনুভূত হয়। পাকিস্তানের ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার, খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহরে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লীতেও কম্পন টের পাওয়া গেছে।
এ ঘটনায় পাকিস্তানে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।