বাংলাদেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একে মহামারির ঝুঁকি হিসেবে দেখছেন। দেশের বিভিন্ন জেলায় শিশুদের মধ্যে দ্রুত এই ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়ছে, যা স্বাস্থ্য খাতের জন্য নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে যেসব শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে রয়েছে বা নির্ধারিত টিকা পায়নি, তাদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন মারা গেছে। রাজধানীসহ দেশের চার জেলায় ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪ শিশু।
বিশেষজ্ঞদের মতে, করোনা পরবর্তী সময়ে টিকাদান কার্যক্রমে ব্যাঘাত, জনসচেতনতার ঘাটতি এবং কিছু এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে।
হামের লক্ষণ হিসেবে জ্বর, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। জটিল ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া এমনকি মৃত্যুঝুঁকিও তৈরি হতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।
এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগ দেশজুড়ে টিকাদান কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। এবং শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা টিকা নিশ্চিত করতে এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে আহ্বান জানিয়েছে।
তারা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বাড়ানো গেলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে অবহেলা অব্যাহত থাকলে হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ রূপ নিতে পারে।