সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ইন্টারনেট সিটিতে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল করপোরেশনকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।
শনিবার (৪ মার্চ) সকালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ঘটনার পর দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, হামলার ফলে কোনো অগ্নিকাণ্ড বা হতাহতের ঘটনা ঘটেনি। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করার চেষ্টা করে। তবে প্রতিহত করা কিছু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ধ্বংসাবশেষ সংশ্লিষ্ট মার্কিন প্রতিষ্ঠানের এলাকায় গিয়ে পড়ে।
এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন প্রতিষ্ঠানের ওপর হামলার হুমকি দেয়। তারা ওরাকল করপোরেশন, অ্যামাজন এবং ফেসবুকসহ মোট ১৮টি প্রতিষ্ঠানের একটি তালিকাও প্রকাশ করে।
অন্যদিকে, এর আগে শুক্রবার (৩ মার্চ) ইরানের আরেকটি হামলায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় একজন নিহত ও কয়েকজন আহত হন বলে জানিয়েছিল আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত ব্যক্তি মিশরের নাগরিক। আহতদের মধ্যে দুজন পাকিস্তানি এবং দুজন মিশরীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।