জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলার ঘটনার পর ফের সংস্কারকাজ শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে কেশব মোড় এলাকার দোতলা বাড়িটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকরা।
গত ৬ আগস্ট রাতে দুর্বৃত্তরা বাড়িটির প্রধান ফটকে আগুন দেওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় এক মাস পর বাড়িটিতে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
শ্রমিকদের ভাষ্য, আপাতত ভবনের বাইরের অংশে রঙের কাজ চলছে। পরে হামলায় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘরের কাচ ও জানালার কিছু অংশও মেরামত করা হতে পারে। তবে সাকিব বা তার পরিবারের কেউ বাড়িতে আসবেন কি না, সে বিষয়ে তারা কিছু জানেন না।
এদিকে, সংস্কারকাজ শুরুর সঙ্গে সাকিবের দেশে ফেরার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের দেশে ফেরা নিয়েও নানা জল্পনা দেখা দিয়েছে। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সাকিব ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায়ও তার নাম আসামির তালিকায় রয়েছে। ২৩ আগস্ট ২০২৪ ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় ১৫৬ জনকে আসামি করা হয়, যেখানে সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।
এর আগে বাড়িতে হামলার ঘটনায় মাগুরা সদর থানার পুলিশ জানিয়েছিল, কয়েকটি জানালার কাচ ভাঙলেও কেউ আহত হননি। প্রাথমিকভাবে গেটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ধারণা করা হলেও পেট্রোলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।