স্বামীর জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোল কার্যকর থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, চার দিনের প্যারোল চেয়ে আবেদন করা হলেও কর্তৃপক্ষ ১২ ঘণ্টার জন্য মুক্তির অনুমতি দিয়েছে।
এর আগে, বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন।
দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়।
বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।