ভারতের দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান ম্যাচে ঘটেছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ব্যাটারের জোরালো স্ট্রেইট ড্রাইভ সরাসরি মুখে আঘাত করায় গুরুতর আহত হয়েছেন ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। আঘাতের পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আম্পায়ারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এর আগে একটি ম্যাচেও কাঁধে আঘাত পেয়েছিলেন ধর্মেশ।
ঘটনাটি ঘটে ইস্ট দিল্লি রাইডার্স ও দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচে। প্রথমে ব্যাট করে ইস্ট দিল্লি রাইডার্স ৭ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে। দলের হয়ে ময়াঙ্ক রাওয়াত ২৩ বলে ৪০ এবং সূর্যাংশ রায়না ২১ বলে ৩৩ রান করেন। উদ্বোধনী জুটিতে মেহরা ও রানা মাত্র ৫.৪ ওভারে যোগ করেন ৬২ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দিল্লি টাইগার্স। ১০.২ ওভারে ৯৪ রান তুলতেই তারা হারায় চার উইকেট। শেষ পর্যন্ত ১৫৬ রানে অলআউট হয়ে যায় দলটি।
ফলে ইস্ট দিল্লি রাইডার্স ম্যাচটি জিতে নেয় ৩৬ রানের ব্যবধানে। তবে ম্যাচের ফলাফলের চেয়ে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের চোটের ঘটনাই এখন বেশি আলোচনায়।