গুম-খুন, অরাজকতা ও ব্যাপক দুর্নীতির ক্ষত নিয়ে বর্তমান সরকার দেশ পুনর্গঠনের কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ।
সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিগত সরকারের সময়ে ব্যাংক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। মেগা প্রকল্পের নামে দুর্নীতির পাশাপাশি দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়নের পরিবেশ তৈরি হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, আগের সরকারের রেখে যাওয়া পরিস্থিতি রাতারাতি বদলে ফেলা সম্ভব নয়। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই দেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণের পাশাপাশি সামাজিক সুরক্ষা, অবকাঠামো, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
দুর্যোগ ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে উন্নয়ন কর্মকাণ্ডে কিছুটা বাধা এলেও জনগণের স্বস্তি ও কল্যাণ নিশ্চিত করতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।