পটুয়াখালীর গলাচিপায় অনলাইন জুয়ার নেতিবাচক প্রভাব এবং এর প্রতিরোধে করণীয় বিষয়ে এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোহাম্মদ ইজাজুল হক।
সেমিনারে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা অনলাইন জুয়ার ভয়াবহতা, যুবসমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তব্য দেন গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী শফিকুল ইসলাম, সাংবাদিক সাকিব হাসান (চ্যানেল ৭১), সাংবাদিক হারুন অর রশিদ (দৈনিক নয়া দিগন্ত), সাংবাদিক খালিদ হোসেন মিল্টন (তৃতীয় মাত্রা), কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম তাওহীদ ইসলাম, কোর্ট জামে মসজিদের ইমাম দলিল উদ্দিন, গলাচিপা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জনতার গলাচিপা প্রতিনিধি মো. রাকিবুল হাসান, অ্যাডভোকেট মো. খবির উদ্দিন, জেলা যুব অধিকার পরিষদ পটুয়াখালীর সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার কবির, প্রতিমন্ত্রীর প্রতিনিধি আবু নাঈম, গণঅধিকার পরিষদ গলাচিপার আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা এবং গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।
বক্তারা বলেন, অনলাইন জুয়া শুধু একজন ব্যক্তির আর্থিক ক্ষতির কারণ নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তরুণ প্রজন্মকে এ ধরনের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোহাম্মদ ইজাজুল হক বলেন, “নিজেকে আগে জানতে হবে। খুঁজে দেখতে হবে, নিজের ভেতরে কোনো খারাপ প্রবণতা রয়েছে কি না। সেই প্রবণতাগুলোকে প্রতিহত করে ইসলামের পথে ও নৈতিকতার পথে চললে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “এই সেমিনার কক্ষে যারা উপস্থিত আছেন, আমরা এখান থেকেই পরিবর্তনের শুরু করি। আগে নিজেদের ঠিক করি, এরপর পরিবার, সমাজ ও রাষ্ট্রে একদিন পরিবর্তন আসবে।”
তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে নিজের অবস্থানকে জিরো টলারেন্স হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে উপস্থিত অংশগ্রহণকারীরা অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।