সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার বিরুদ্ধে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও ও সংশ্লিষ্ট অভিযোগের পর দলীয় তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানায় জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার চিঠিটি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে জমা দেন। একই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে জাতীয় সংসদের স্পিকারকেও।
চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে ২২ জুলাই জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, শুধু দল থেকে বহিষ্কারের ভিত্তিতে কোনো এমপির পদ বাতিল করার এখতিয়ার ইসির নেই। সংবিধানে এ ধরনের পরিস্থিতিতে এমপি পদ শূন্য হওয়ার কোনো বিধান নেই; এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হলে স্পিকারের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হতে হবে।