কুষ্টিয়ার ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. রেজাউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম গোরস্থান ও ঈদগাহ মসজিদের সামনে পাকা রাস্তা থেকে মো. মোস্তাক মালিথা (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চাঁদগ্রাম এলাকার মৃত বিষু মালিথার ছেলে। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।