সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। আদালত এ নিয়ে ১২৮ বারের মতো সময় বাড়িয়ে আগামী ২৭ আগস্ট প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারণ করেছেন।
বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় মামলা করেন।
শুরুতে থানা পুলিশ ও পরে ডিবি তদন্ত করলেও দীর্ঘদিনেও রহস্যের সমাধান হয়নি। এরপর মামলার তদন্তভার র্যাবের কাছে দেওয়া হয়। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তে গতি আনতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয় এবং পিবিআই প্রধানের নেতৃত্বে চার সদস্যের কমিটি দায়িত্ব নেয়।
মামলাটিতে বর্তমানে কয়েকজন আসামি কারাগারে রয়েছেন। একজন জামিনে এবং একজন পলাতক রয়েছেন। দীর্ঘ ১৪ বছর পরও বহুল আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এখনো জমা দিতে পারেনি তদন্ত সংস্থা।