প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে ঢাকার ওয়ারী থানায় করা মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এর আগে অন্য দুই মামলাতেও জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে তৌহিদ আফ্রিদির জামিন আবেদন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
তার আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুই মামলায় তিনি আগেই উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, আর ওয়ারী থানার মামলায় আজ জামিন পাওয়ায় মুক্তির পথ খুলেছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ফ্রিল্যান্সিং কাজের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ধাপে প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা নেওয়া হয়। এ ঘটনায় গত বছরের জানুয়ারিতে ওয়ারী থানায় মামলা করেন ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি।
গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। পরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।