রাজধানীর পল্লবী থানার একটি মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, সাহেদের বিরুদ্ধে ওই মামলায় ‘সিআর মামলার ওয়ারেন্ট’ থাকায় পল্লবী থানা পুলিশের অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে, দুর্নীতি ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার মুখোমুখি হন মোহাম্মদ সাহেদ। ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।
২০২০ সালে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় র্যাবের অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট ও চিকিৎসার নামে অর্থ আদায়ের মতো অনিয়মের অভিযোগ উঠে আসে। পরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।