আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’।
সোমবার (২৯ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটরের ভাষায়, যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে ফিরে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করা উচিত।
তিনি জানান, জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের কাছে এসেছে। বর্তমানে সেগুলো যাচাই-বাছাই চলছে।
আমিনুল ইসলাম আরও বলেন, এসব মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি এ এস এম আবদুল মান্নান (বিচারপতি মানিক), কামাল আহমেদ মজুমদারসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম আসামি হিসেবে রয়েছে।
এর আগে, রোববার ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছর দেশে ফেরার ইঙ্গিত দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর শেখ হাসিনা বিশেষ হেলিকপ্টারে বাংলাদেশ ছেড়ে ভারতে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।