জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের নিখোঁজ হওয়া দুই কিশোরীকে ১০ দিন পর ঢাকার মিরপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ (২৭ জুন) তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া দুই কিশোরী হলো গোপালপুর গ্রামের আল আমিনের মেয়ে আফসানা (১৩) এবং এরশাদ আলীর মেয়ে আশা মনি (১১)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন এক বান্ধবীর প্ররোচনায় চাকরির আশায় তারা ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্তানদের সন্ধান না পেয়ে চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিল দুই পরিবার।
পরে ঢাকার শাহ আলী থানা পুলিশের সহযোগিতায় মিরপুরের সরকারি আশ্রয় (অভ্যর্থনা) কেন্দ্র থেকে দুই কিশোরীকে উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার তাদের পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
দীর্ঘ ১০ দিন পর সন্তানদের সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দে ভাসছে দুই পরিবার। সন্তানদের বুকে জড়িয়ে ধরে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিভাবকেরা। একই সঙ্গে উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তারা।